আবু ত্ব-হা আদনানের সন্ধান চান মির্জা ফখরুল

ছয়দিন ধরে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তাদের সন্ধানের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ জুন) বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগের কথা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, নিখোঁজ হওয়ার ছয়দিন কেটে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ বা অবস্থান জানাতে পারেনি সরকার। এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপও নেই।

তিনি বলেন, আদনানের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর দফতর, থানা-পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন দফতরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোন পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ- উদ্বেগ ও রহস্যজনক।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। নিরাপদ জীবন, স্বাধীনভাবে চলাচলের নিশ্চয়তা নেই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করেছেন তার পরিবার। নিখোঁজের সময় তার সঙ্গে ছিল গাড়িচালক আমির উদ্দিন, সঙ্গী ফিরোজ ও আব্দুল মুহিত। এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর