সাতক্ষীরায় তৃতীয় দফায় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন। শুক্রবার রাত ১২টায় দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার পর তৃতীয় দফার এই লকডাউন শুরু হবে এবং আগামী ২৫ জুন রাত ১২ টায় শেষ হবে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ ব্যাপারে কোভিড-১৯ রোগীদের সুচিকিৎসার স্বার্থে জেলা করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণরূপে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এ চিঠি ইতোমধ্যে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় জুন মাসে করোনা শনাক্ত এক হাজার ছাড়িয়েছে। একই সাথে জেলায় করোনা শনাক্তের মোট গড় ২৫ শতাংশ অতিক্রম করছে। জুন মাসের ১৬ দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
জুন মাসের গড় হার ৫০ দশমিক ০৫ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে ৪৩ জন। গত বছর ২৬ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত জেলায় মোট শনাক্তের গড় ২৫ দশমিক ০৩ শতাংশ। গড় শনাক্ত এ মাসের প্রতিদিনই বেড়েছে।
ঈদের পর গত মে মাসের ২৩ তারিখ থেকে সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস সংক্রমন ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। মে মাসের শেষের ৯ দিনে ৫০০টি নমুনা পরীক্ষা করে ২০৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সংক্রমণের হার ৫৩ শতাংশ।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি