ফের ভূমিসহ ঘর পাচ্ছে ৫৩ হাজার গৃহহীন পরিবার

মুজিববর্ষে সরকা‌রের উপহার হি‌সে‌বে দ্বিতীয় পর্যা‌য়ে আরও ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন ও গৃহহীন প‌রিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেয়া হচ্ছে।

আগামী রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এর উদ্বোধন কর‌বেন।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস।

ড. আহমদ কায়কাউস ব‌লেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৩ জানুয়া‌রি প্রথম পর্যায়ে দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আগামী ২০ জুন তিনি দ্বিতীয় পর্যায়ে ৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে জমি ও সেমিপাকা গৃহ প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবরা তাদের নিজস্ব অর্থায়নে ১৬০টি পরিবারকে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন বলেও জানান তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর