শুরু হলো গরুর জন্য জীবন বীমা

দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত খামারিদের বিনিয়োগ সুরক্ষায় সাতক্ষীরায় গরুর জীবন বীমা কার্যক্রম শুরু হচ্ছে। ফিনিক্স ইনস্যুরেন্স ও প্রাণ ডেইরি লিমিটেডের যৌথ উদ্যোগে এ বীমা কার্যক্রম শুরু হয়েছে।

এসিডিআই ও ভোকার মাঠ সমন্বয়কারী ডা. মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, ‌বাংলাদেশে এই প্রথম সাতক্ষীরার দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত খামারিদের গরুতে বিনিয়োগ সুরক্ষায় গরুর জীবন বীমা কার্যক্রম শুরু হয়েছে।

প্রথমে ৫০০ খামারিকে টার্গেট করা হলেও করোনা মহামারির কারণে এবার ৩৩৯ জন খামারির ৩৫০টি গরু এই বীমার আওতায় এসেছে। খুরা রোগসহ বিভিন্ন কারণে গরুর আকস্মিক মৃত্যু হলে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমাকারী গরুর আর্থিক দায়ভার বহন করবে এবং ১৫ দিনের মধ্যে গরুর ৯০ শতাংশ মূল্য খামারিকে পরিশোধ করবে।

স্থানীয় এক খামারি বার্তা বাজারকে জানান, আমার তিনটি গরুর জন্য ২ হাজার টাকা দিয়ে বীমা করেছি। তারা বলেছেন, গরুর কোন কোন অসুখ হলে চিকিৎসা খরচ দেবেন। যদি গরুর মৃত্যু হয় তাহলে গরুর দামের হিসেবে লাখ প্রতি ৯০ হাজার টাকা পাব।

সাতক্ষীরা প্রাণ চিলিং সেন্টারের ম্যানেজার মো. আশরাফুল ইসলাম জানান, এখন পর্যন্ত আমরা ৩২৬ খামারিকে ৩৪৯টি গরুর বীমা করতে সহযোগিতা করেছি। আগামিতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। আশা করবো, এর মধ্যে অন্য খামারিরা এই বীমা কার্যক্রমে যুক্ত হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, গবাদি পশুর নিরাপত্তায় দেশে এই প্রথম বীমা চালু হয়েছে। এই কার্যক্রমটি পুরোপুরি চালু হলে জেলার খামারিদের অনেক উপকার হবে।

প্রসঙ্গত: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসিডিআই/ভোকা (যুক্তরাষ্ট্র) এর আর্থিক সহায়তায় ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইম্প্রুভড নিউট্রিশন নামের এই প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে এটি পরিচালিত হবে বলে জানা গেছে।

শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর