মানিকগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় যুবক খুন

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নদিয়া গ্রামে তুচ্ছ ঘটনায় রুবেল হোসেন নামের এক যুবক খুন হয়েছে। গতকাল মঙ্গলবার ১৫ই জুন মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।

এ বিষয়ে হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন বলেন, রুবেল রতনদিয়া গ্রামের মনসুর আলীর ছেলে। পাশের গ্রাম গোপালখালির শিপন,পারভেজ, রকিসহ আরো কয়েকজন যুবকের সাথে ইভটিজিং সংক্রান্ত বিষয়ে রুবেলের কথাকাটাকাটি হয়। সেই জেদ ধরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে শিপন ও তার বন্ধুরা।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, রত্নদিয়া গ্রামের খালে নতুন পানি আসার পর সেখানে গোসল করে রুবেলের প্রতিবেশী উঠতি বয়সে কিছু মেয়েরা। ঠিক সেইখানেই গোসলের অজুহাতে ওই মেয়েদেরকে ইভটিজিং করে শিপন এবং তার বন্ধুরা। এই বিষয়ে প্রতিবাদ করলেই শিপন দের সঙ্গে রুবেলের কথাকাটাকাটি হয় তার কিছুক্ষণ পরেই রুবেলকে মারধর করে আহত অবস্থায় ফেলে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রুবেল এর মৃত্যু হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আফ্রিদি আহাম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর