ক্রিকেট মক্কায় বিশ্বকাপে ‘অ্যাশেজ যুদ্ধ’! বাইশ গজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই অনেকটা ভারত-পাকিস্তানের মতোই। মঙ্গলবার (২৫ জুন) লর্ডসে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিদের বিপক্ষেদলের তারকা ওপেনার জেসন রয়কে পাবে না ইংল্যান্ড।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বিশ্বকাপে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন রয়।
১৪ জুন সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন রয়। ফলে ব্যাট হাতেও ওপেন করতে নামেননি তিনি।পরিবর্তে জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ওপেন করেছিলেন জো রুট।রয়ের চোট প্রসঙ্গে ইসিবি’র তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ‘লন্ডনে শনিবার রয়ের পায়ে এমআরআই স্ক্যান করা হয়েছে।স্ক্যান রিপোর্ট অনুযায়ী হ্যামস্ট্রিং ছিঁয়ে যাওয়ায় তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
ফলে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়কে ছাড়াই মাঠে নামে ইংল্যন্ড।আজও লর্ডসে অজিদের বিরুদ্ধে ওপেন করতে দেখা যেতে পারে বেয়ারস্টো ও জেমস ভিন্স জুটিকে।তবে নিঃসন্দেহে রয়-বেয়ারস্টোর ওপেনিং পার্টনারশিপ মিস করবে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করে বিশ্বকাপে শুরু করেছিলেন রয়।তার পর বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে৷ মাশরাফি-মোস্তাফিজুরদের বিরুদ্ধে ১২১ বলে ১৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন বছর ২৮ এই ইংরেজ ওপেনার।
আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। হেডিংলের ট্রিকি পিচে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে ২৩৩ রান তাড়া করতে নেমে ২১২ রানে অল-আউট হয়ে যায় ইংরেজ ইনিংস। লসিথ মালিঙ্গা ও ধনঞ্জয় ডি’সিলভার সামনে আত্মসমর্থন করে ব্রিটিশ ব্যাটসম্যানরা।
অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে অস্ট্রেলিয়া।ভারতের কাছে ছাড়া চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অন্য কোনও দলের কাছে হারেনি গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।
বার্তাবারজার/এএস