ঢাকার কেরানীগঞ্জে অপহরণের দুইদিন পর মোঃ শাহজাহান (২২) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ জুন) রাত আড়ইটার দিকে র্যাব-১০ কেরাণীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ওবায়দুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই সাত অপহরণকারীকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আসলাম (২৫), সৈয়দ আল আমিন (২২), মোঃ ফয়েজ উল্লাহ (২০), মোঃ রহমত উল্লাহ সরকার (১৮), সৈয়দ মোরসালিন (১৮), মোঃ ইমরান (১৮) ও মোঃ শাহদাত হোসেন (১৮)
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকালে প্রতিদিনের মত শাহজাহান তার কর্মস্থলে যায়। কিন্তু রাত গভীর হয়ে গেলেও কর্মস্থল থেকে সে বাসায় না ফিরলে তার পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। পরদিন ১৫ জুন সকালে শাহজাহানের বড় ভাই তার শশুরের কাছ থেকে জানতে পারে শাহজাহানকে অপহরন করা হয়েছে।
পরে তার বড় ভাই তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলে উচ্চস্বরে কান্নাকাটি শব্দ শুনতে পায় এবং অপহরনকারীদের একজন তার বড় ভাইয়ের কাছে মুক্তিপনের জন্য বিকাশের মাধ্যমে দেড় লক্ষ টাকা পাঠাতে বলে। না হলে শাহজাহানকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে।
একপর্যায় শাহজাহানের বড় ভাই র্যাবের কাছে অভিযোগ করলে র্যাব-১০ শাহজাহানকে উদ্ধারের জন্য দ্রুত একটি বিশেষ টিম গঠন করে। পরবর্তীতে র্যাব-১০ সি পি সি-২ এর আভিযানিক দল ছায়া তদন্তের মাধ্যমে শাহজাহানকে উদ্ধারসহ ৭ অপহরকারীকে গ্রেফতার করে।
র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, গ্রেফতারকৃত অপহরনকারীরা ১নং আসামী আসলাম এর নেতৃত্বে গত ১৪ জুন রাত অনুমান পৌনে এগারোটার দিকে মোঃ শাহজাহানকে কর্মস্থল থেকে তার বাসায় যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা শাহজাহানের ব্যবহৃত মোবাইল থেকে তার বড় ভাইয়ের কাছে মুক্তিপণের জন্য দেড় লাখ টাকা দাবী করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অপহৃত শাহজাহানের বড় ভাই বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।
রানা আহমেদ/বার্তা বাজার/টি