মাস্টাররোলের কর্মচারী দ্বারা বশেমুরবিপ্রবি ভিসি ও রেজিস্ট্রার অবরুদ্ধ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মাস্টাররোল কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উয়াপচার্য ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রেখেছেন।

বুধবার (১৬ জুন) সকাল ১১টার দিকে আন্দোলনরত মাস্টাররোল কর্মচারীরা ভিসি ও রেজিস্ট্রারের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়। পাশাপাশি পাঠানো হয় পুলিশও।

এ বিষয়ে বিক্ষোভরত মাস্টাররোল কর্মচারী রিপন গাজী জানান, আমরা গত তিন বছর যাবৎ অস্থায়ী ভিত্তিতে কাজ করছি। মাঝে প্রায় ১৩ মাস আমাদের বেতন বন্ধ ছিলো। নতুন উপাচার্য আসার পর চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা এখনও আশ্বাসের কোনো বাস্তবায়ন দেখিনি। এখন আমাদের একটাই দাবি নীতিমালা প্রণয়ন করে চাকরি স্থায়ীকরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত গেট আটকানো থাকবে এবং অবরোধ চলবে।

উপাচার্য ড. এ কিউ এম মাহবুব জানান, আমি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে আসার আগে মাস্টাররোলে প্রায় দেড় শতাধিক কর্মচারী নেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এত সংখ্যক কর্মচারীর পদ নেই। ইউজিসির কাছে সম্প্রতি কিছু পদে লোক নিয়োগের আবেদন করা হয়েছে। এক্ষেত্রে হয়ত ১২-১৩টি কর্মচারীর পদ আসতে পারে।

তিনি জানান, ইউজিসি অনুমতি না দিলে আমাদের চাকরি স্থায়ীকরণের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার নাসিরউদ্দিন নিয়ম না মেনে মাস্টাররোলে এইসব কর্মচারীদের নিয়োগ দিয়েছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর