ছয়দিন ধরে নিখোঁজ ত্ব-হা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। ত্ব-হা’র বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজের বিষয়ে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
বুধবার (১৬ জুন) গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিসোর্ট কিংবা বার, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নিবে।
উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করেছেন তার পরিবার। নিখোঁজের সময় তার সঙ্গে ছিল গাড়িচালক আমির উদ্দিন, সঙ্গী ফিরোজ ও আব্দুল মুহিত।
১০ জুন ছেলের সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন তার মা আজেদা বেগম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, ত্ব-হা’র নিখোঁজের ব্যাপারে অনুসন্ধান চলছে।
বার্তাবাজার/নব