রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয়ে কোয়ার্টারে ছাত্রলীগ নেত্রী নুসরাত জাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী মামুন মিল্লাতকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৫ জুন) সকালে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
এর আগে শনিবার (১২ জুন) বিকালে ৯৯৯ নাম্বারে নুসরাতের এক প্রতিবেশির ফোন পেয়ে বি-২ কোয়ার্টারের একটি ভবন থেকে নুসরাতের মরদেহ উদ্ধার করে। এরপর থেকেই পলাতক ছিল নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়া মামুন মিল্লাত।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, ঘটনার পর থেকেই র্যাব ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কল্যাণপুরে একটি বাসের কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, ওই ঘটনায় মামুন মিল্লাতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নুসরাত জাহানের বাড়ি খাগড়াছড়িতে। তার আগের নাম ছিল নিবেদিতা রোয়াজা। খাগড়াছড়িতে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
তিনি আরও জানান, ২০১৯ সালে ধর্মান্তরিত হয়ে তিনি মামুন মিল্লাতকে বিয়ে করেছিলেন। ওই সময় মামুন নিজেকে বিসিএস পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। যদিও সে একজন বেকার।
বার্তা বাজার/এসজে