পুলিশের সহায়তায় হারানো বাবা-মাকে ফিরে পেলো পথশিশু মিম
রাজধানীর ঢাকার শাহবাগ এলাকা থেকে নিখোঁজের প্রায় দেড় মাস পর পথশিশু মিম (৪)কে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা গেছে, শাহবাগ আজিজ সুপার মার্কেট এলাকা থেকে প্রায় দেড় মাস আগে মিম নামে চার বছরের এক পথশিশু নিখোঁজ হয়। পরে গত ১১ই এপ্রিল কেরানীগঞ্জ উপজেলার পশ্চিম বামনশুর জামে মসজিদ এলাকায় শিশুটিকে দেখতে পায় আপন ঘর ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠনের কর্মকর্তা। পরে সে থানায় এসে শিশুটির ব্যাপারে জানালে, খুব দ্রুত শিশুটিকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হবে বলে আশ্বাস দেয় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) শিশুটির বাবা মায়ের সন্ধান পেলে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে তুলে দেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সালাম মিয়া।
এ বিষয়ে আপন ঘর ফাউন্ডেশনের ম্যানেজার সরোয়ার জানান, আমরা পথের ঠিকানাহীন শিশু-বৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন যারা আছেন তাদেরকে এনে আশ্রয় দিয়ে থাকি। এই পর্যন্ত আমরা প্রায় ২০ থেকে ২২ জন নারী-পুরুষকে আশ্রয় দিয়ে তাদের যথাযথ সেবা প্রদান করে সুস্থ্য জীবন যাত্রায় ফিরিয়ে আনার চেষ্টা করেছি। গত এপ্রিল মাসে মিমকে আমরা বামনশুর এলাকাতে পাই। তারপর থানায় ইনফর্ম করি তার বাবা-মায়ের সন্ধানের জন্য। আজ মিমকে তার বাবা-মায়ের কাছে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
রানা আহমেদ/বার্তা বাজার/ই.এইচ.এম