প্রাইভেটকারের গতিরোধ করে হেনস্তাকারী সেই কিশোর বাইকার চক্রের ৫ সদস্য গ্রেফতার
প্রাইভেটকারের গতিরোধের পর হেনস্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই কিশোর বাইকার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৪ জুন) দিনগত রাতে রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকা থেকে রক কিং নামের কিশোর গ্যাংটির ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুমন মিয়া, আজাহারুল ইসলাম ওরফে দোলন, নাজমুল হাসান ওরফে সৈকত, ইমন আহম্মেদ শুভ ও অন্তর হোসেন মোল্লা।
এসময় তাদের সাথে থাকা ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন ও ৫টি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, গত ১৬ মে সন্ধ্যায় রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর জয় কালী মন্দিরের কাছে একটি প্রাইভেটকারের গতিরোধ করে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা গাড়ির চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে শারীরিকভাবে আক্রমণের জন্য উদ্ধত্য হয় এবং গাড়িতে আঘাত করে। এ সময় ওই গাড়িতে একজন ভদ্রলোক তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। ওই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র্যাব জানতে পারে ওই কিশোররা রক কিং কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে