করোনায় বন্ধ মাদ্রাসার কক্ষ থেকে সুড়ঙ্গ খোঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার কক্ষের ভেতর সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৪ জুন) করোনাকালে বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসাটিতে খেলতে গেলে স্থানীয় কিশোরদের নজরে আসে সুড়ঙ্গটি।

উপজেলার ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসায় পাওয়া এই সুড়ঙ্গের ব্যাপারে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়দের ধারণা, মাদ্রাসার পাশেই অবস্থিত জায়গীরহাট সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির উদ্দেশ্যে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল। জানাজানি হয়ে যাওয়ায় ডাকাতদের পরিকল্পনা ভেস্তে গেছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বিষইয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সোনালী ব্যাংক জায়গীরহাট শাখার ব্যবস্থাপক সামিউল হাসান জানান, একতলা ভবনে অবস্থিত ব্যাংকটি পাশেই একটি মাদরাসা রয়েছে। সোমবার রাত ৮টার দিকে ওই মাদরাসার একটি কক্ষে সুড়ঙ্গ দেখতে পায় এলাকার লোকজন। বিষয়টি জানার পর বর্তমানে ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের পাসেই অবস্থিত মাদ্রাসাটি করোনার কারণে বন্ধ। স্থানীয় কিশোররা মাদ্রাসা মাঠে ফুটবল খেলার সময় তাদের বল একটি কক্ষে চলে যায়। বলে আনতে গেলে এক কিশোরের নজরে আসে সুড়ঙ্গটি। বিষয়টি সে তারা বাবাকে জানালে, সন্ধ্যায় তিনি বাজারে এসে স্থানীয়দের জানান ঘটনাটি।

এ বিষয়ে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, এটা খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে পারলে হয়তো একটা বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটতো। সুড়ঙ্গ আবিষ্কারের পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর