দেশের প্রশাসনে বর্তমানে মোট পদ খালি আছে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি। মঙ্গলবার (১৫ জুন) ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ নামে প্রকাশিত বই থেকে এই তথ্য জানা গেছে।
বইটিতে ২০২০ সালে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পরিসংখ্যান নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, প্রশাসনে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। বিপরীতে ১৫ লাখ ৪ হাজার ৯১৩টি পদে লোকবল রয়েছে।
বইটি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগের পরিসংখ্যান ও গবেষণা কোষ।
বইটিতে বলা হয়, শূন্যপদগুলোর মধ্যে প্রথম শ্রেণির রয়েছে ৪৬ হাজার ৬০৩টি। দ্বিতীয় শ্রেণির ৩৯ হাজার ২৮টি। এছাড়া তৃতীয় শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৯০২টি ও ৯৯ হাজার ৪২২টি পদ খালি আছে চতুর্থ শ্রেণিতে।
এদিকে মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে ১৭ হাজার ৭৩৯টি পদের মধ্যে শূন্য রয়েছে ৫ হাজার ৬৮টি। সংস্থা ও অধিদপ্তরে খালি আছে ১৪ লাখ ৯ হাজার ৬২৬টি পদের মধ্যে ২ লাখ ৩৩ হাজার ৩৩৬টি।
এছাড়া, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) অফিসে ১৪ হাজার ৮৫১টি পদ খালি রয়েছে, এখানে মোট পদের সংখ্যা ৪৭ হাজার ৩৩টি।
গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং করপোরেশনগুলোতে চার লাখ ১১ হাজার ৪৭০টি পদের মধ্যে এক লাখ ২৭ হাজার ৭০০টি পদ খালি ছিল।
বার্তা বাজার/এসজে