ইসলামিক বক্তা আদনানের সন্ধান চেয়ে উত্তাল রংপুর
জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান সহ তার সফর সঙ্গী আমির উদ্দিন ফয়েজ, আব্দুল মুহিত, ফিরোজের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের সাধারণ জনগন।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেয় বিভাগীয় কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন, নিপীড়নের বিরুদ্ধে রংপুর,জেলা মটর শ্রমিক ইউনিয়ন, সচেতন রংপুর বাসীসহ বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নিখোঁজ আদনান সহ তাদের সাথীদের খুজে পাওয়া না গেলে কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানান।
এ সময় আদনানের ভাই ফাহিম বলেন, আমার ভাইকে ফিরিয়ে দিন, সে কোন প্রকার রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়।
তিনি আরো বলেন, আমার ভাই যদি কোন অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিবেন কিন্তু তার খোজ দিন।
মানববন্ধনের সভাপতি হানিফ খান সজিব বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের ভাইকে ফেরত দেয়া না হয় তাহলে আমরা কঠোর অবস্থান গ্রহণ করবো। এছাড়াও তিনি মানববন্ধনে আসা সকল সংগঠনের নেতা কর্মী সহ রংপুরের সাধারণ জনগনকে পাশে থাকার আহবান জানান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন এড.রায়হান কবির,আহমেদ বাবু,রাশেদুজ্জামান রাশেদ,ইয়াসিন আরাফাত সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৫ দিন আগে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা কিন্তু সেদিনই মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত তারসাথে সব যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এতে ভীত হয়ে পরেন আদনানের পরিবার। আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেছেন তার স্ত্রী।
রকি আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম