আলফাডাঙ্গা পৌরসভা’র ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাইফুর রহমান।
বাজেটে সর্বমোট ১৯ কোটি ১২ লক্ষ ৩ হাজার ৮৮৪ টাকা আয় ধরা হয়েছে। ৫ কোটি ৩০ হাজার ৬৯৬ টাকা উদ্ধৃত রেখে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৬ লক্ষ ৭৩ হাজার ১৮৮ টাকা।
এছাড়া এবার বাজেটে রাজস্ব খাতে আয় ১ কোটি ২৮ লক্ষ ৮০ হাজার টাকা ও ব্যয় ১ কোটি ২২ লক্ষ ৫৬ হাজার ৯৬০ টাকা ধরা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৬ লক্ষ ২৩ হাজার ৪০ টাকা।
বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, পৌরসভার সচিব মো. মেহেদী হাসান, হিসাব রক্ষক ফিরোজ হোসেনসহ সব ওয়ার্ড কাউন্সিলর, পৌর নাগরিক, সাংবাদিক, সরকারি-বেসকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি