সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে দুর্নীতির সুপার মডেল বললেন জিএম সিরাজ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দুর্নীতির সুপার মডেল বলে আখ্যা দিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য জি এম সিরাজ। মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের প্রতসবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নজির স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আবারও ঢেলে সাজাতে অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাথা ঠিক থাকলে শরীর ঠিক থাকে। মাননীয় সংসদ নেতা, আপনি আপনার জিরো টলারেন্সের একটি নমুনা দয়া করে দেখান। বিশেষজ্ঞ, টেকনোক্র্যাট বসিয়ে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করুন। সেবা খাতটি রক্ষা পাবে। অব্যবহৃত টাকা ফেরত যাবে না। অসুস্থ স্বাস্থ্য খাত সুস্থ হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি বন্ধ বা সহনীয় পর্যায়ে আনতে না পারলে বাজেট থেকে কোনো উপকার আসবে না। কিছু মন্ত্রণালয়ের ব্যক্তিবিশেষের কারণে প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মুখ থুবড়ে পড়েছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তাঁর মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা ফ্যাশনে পরিণত হয়েছে।
এমন মন্তব্যের পাল্টায় জি এম সিরাজ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী! মিঠু, আফজাল, আজাদ, রাজ্জাক, জাহের, সাজ্জাদ, হুমায়ুন, মামুন, সাত্তার, সাহেদ, মালেক তারা কোন র্যাম্পের মডেল, জাতি জানতে চায়। জাতি জানে, এরা দুর্নীতির মডেল। আর আপনি হলেন দুর্নীতির সুপারমডেল।’
বার্তা বাজার/এসজে