দেশ চালাচ্ছে পুতুল সরকার: মির্জা আব্বাস

আওয়ামী লীগ নয়, কোন পুতুল সরকার দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৫ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে। বিনিময়ে সীমাহীন দুর্নীতির মাধ্যমে তারা দেশ ও জনগণের অপূরণীয় ক্ষতি করছে। আমার বার বার একটা কথা মনে হয়, এদেশ সম্ভবত আওয়ামী লীগ চালাচ্ছে না। একটা পুতুল সরকার এদেশে বসা আছে। তারাই চালাচ্ছে। কারো নির্দেশ মতো কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা কিংবা সবাই একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে নিজেদের গা বাঁচানোর জন্য এই আওয়ামী লীগ নামের পুতুলটিকে টিকিয়ে রেখেছে। এসব পাশ কাটিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দল-মত দমনে ব্যস্ত বলেও জানান বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, এমন কোনো সংস্থা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো ব্যক্তি নাই যারা চুরি-ডাকাতি-লুট করে নাই। হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। আমি বলতে চাই ওদেরও বিচার হবে। এতো খুন, এতো লুট, এতো গুম-এরও বিচার হবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাদেরও বিচার হবে। সেই সমস্ত বিচারের ভয় আজকে একটা গোষ্ঠী এই সরকারকে টিকিয়ে রেখেছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের মুক্তি দাবিতে মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় প্রতিবাদ সভা করে নারী ও শিশু অধিকার ফোরাম।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর