জামায়াত-হেফাজত ও তেঁতুল হুজুররা মুখোশ পরা জঙ্গি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, জামায়াত-হেফাজত ও তেঁতুল হুজুররা আসলে কোনো আলেম নয়। এরা মুখোশ পরা জঙ্গি। তারা রাজাকারপন্থী ও পাকের অনুচর।
মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, এই তিন ভাইরাস পুষে রেখে জীবন-জীবিকা বাঁচবে না। তাদের কোনো ছাড় না দিয়ে ধ্বংস করতে হবে। জঙ্গি-দুর্নীতি-করোনা এই তিন ভাইরাসকে ধ্বংস করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, পুরনো স্বভাব না বদলিয়ে জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। তারা এখনো জঙ্গি-সন্ত্রাসী তেঁতুল হুজুরদের রক্ষা করার জন্য বক্তব্য-বিবৃতি দিয়েই চলেছে।
সম্প্রতি একটি রাডার কেনায় দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিককালে দুর্নীতির একটি ভয়ংকর খবর জানা গেছে। ১৭৫৫ কোটি টাকা দিয়ে রাডার কেনার সব আয়োজন সম্পন্ন হয়েছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই রাডার কেনা হয়েছে মাত্র ৬৩০ কোটি টাকায়। কারা এই টাকা লুটপাট করে খাওয়ার আয়োজন করেছিল?
তিনি আরও বলেন, হাতের পর হাত, ঘাটের পার ঘাট ঘুরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর চুরির ঘটনা ধরা পড়লো। বাজেটে বরাদ্দ তাই যথেষ্ট নয়। বরাদ্দ অর্থ ব্যয়, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন সব ক্ষেত্রেই দুর্নীতিবাজ-লুটেরাসের সিন্ডিকেটের আচড় বিদ্যমান। সরকারের সামগ্রিক কেনাকাটায় স্বচ্ছতা আনতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে। কালোটাকা বাজেয়াপ্ত করতে হবে। তারেক-কোকোর পাচারকৃত অর্থের মতো বেগমপল্লীর সেকেন্ড হোমের পাচারের অর্থও ফেরত আনতে হবে। দুর্নীতিবাজদের কারাগারে পাঠাতে হবে।
বার্তাবাজার/নব