কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুন) ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জসিম উদ্দিন। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে। মাছ চুরির অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
নিহতের পরিবারের দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ও তার দলের লোকজন জসিম উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে। তবে এ ব্যাপারে চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুজমান গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুরে মাছ ধরতে যান জসিম উদ্দিন। বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান ও তার দলের লোকজন ওই যুবককে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেন। এরপর তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় সে মারা গেছেন বলে জানিয়েছেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুজ্জামান সোহেল।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুজমান বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/নব