রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে ১৩ সক্রিয় দালালকে আটক করেছে র্যাব-২। এরপর তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ জুন) সকাল থেকে শুরু হয়ে বিকাল ৩টা নাগাদ চলা এই অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান ও র্যাব-২ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার মেজর মির্জা আহমদ সাইফুর রহমান।
আটককৃত দালালরা হলো- তুহিন শেখ (৫৫), সোহাগ (৩৫), মেহেদী হাসান হান্নানল (৩৮), নুরুজ্জামান (৪০), সেলিম (৪০), ইমদাদ হোসেন (৩২), সুমন (২০), আবুল খায়ের (৩৮), জসিম উদ্দিন (৩৪), সুমন কাজী (৪০), দারোগালী (৪৫), খোরশেদ আলী (৩০) ও সোহেল রানা (৩৯)।
এ বিষয়ে র্যাব-২ এর এএসপি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের দালাল চক্রের ছয় সক্রিয় সদস্যকে এক মাস করে কারাদণ্ড ও সাত জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখানোসহ বিভিন্ন কৌশলে জনসাধারণের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছিল।
তিনি আরও বলেন, চক্রটি পাসপোর্ট ফি জমা দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল, সত্যয়ন, জাল ব্যাংক ভাউচার দেওয়া, ভুয়া চিঠিপত্র তৈরি করা, ভুয়া পাসপোর্ট দিয়ে জনসাধারণকে হয়রানি করে আসছিল।
বার্তা বাজার/এসজে