টাঙ্গাইলে খান পরিবার কর্তৃক সন্ত্রাস সৃষ্টির পায়তারার অভিযোগ

আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যাকারীদের বিচার এবং সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির সম্পর্কে সংবাদ
সম্মেলনে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে সোমবার বিক্ষোভ
মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক ফেডারেশন এই কর্মসুচির আয়োজন করে।

সমাবেশে আমানুরদের ‘খান পরিবার’ কর্তৃক টাঙ্গাইলে আবার সন্ত্রাস সৃষ্টির পায়তারার অভিযোগ এনে বক্তারা তাদের প্রতিহত করার ঘোষণা দেন।

শ্রমিকরা কর্মবিরতি করে দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা
একাডেমিতে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাস- মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক কোরবান আলী, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক উদয় লাল গৌড় ও আমিনুর রহমান, পৌর কাউন্সিলর আতিকুল রহমান ওরফে মোর্শেদ, রিকশা-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার সাথে আমানুরসহ খান পরিবারের ছেলেদের জড়িত থাকার বিষয়টি বের হওয়ার পর তারা গা ঢাকা দেয়। তারা না থাকায় সাত বছর টাঙ্গাইল শান্ত ছিলো। শহরে কোন হত্যার ঘটনা ঘটেনি। জামিনে মুক্ত থাকা আমানুর এবং কারাগারে বসে তার ভাই সাবেক পৌর মেয়র সহিদুর রহমান আবার টাঙ্গাইলে তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। তার অংশ হিসেবেই গত ৩১ মে আমানুর তপন রবিদাস নামক এক ছাত্রের পেটে রিভালবার ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে।

বক্তারা আমানুরের জামিন বাতিল এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, আমানুর রহমান খান গত ৭ জুন টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তপন রবিদাসকে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেন। এসময় তিনি শ্রমিক ফেডারশনের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির বিরুদ্ধে সন্ত্রাস, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলেন।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর