দেশে আরও একজনের দেহে ব্ল্যাক ফাঙ্গাস

দেশে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৪৫ বছর বয়সী ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নতুন আসা এই রোগে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৪ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ এই তথ্য জানান।

তিনি বলেন, করোনা পরবর্তী জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে এই রোগী ভর্তি হন ঢাকা মেডিকেলে। তখন তার মাথা ব্যাথা, সাইনোসাইটিস ও ডানচোখে দেখতে সমস্যা হচ্ছিল। ফাঙ্গাল ইনফেকশন সন্দেহের পর নাক কান গলা বিভাগের সহযোগিতায় ওই রোগীর সাইনাস অপারেশন করা হয়। এরপর ওখানকার স্যাম্পল নিয়ে ফাঙ্গাস টেস্ট করা হয়। রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে।

এর আগেও দেশে প্রথমবারের মত দু’জন আক্রান্ত হন মারাত্মক এই ফাঙ্গাসে। ২৫ মে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে তাদের শনাক্ত হওয়ার খবর জানানো হয়। তবে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতংকিত না হওয়ার জন্য বলছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর