শনিবার থেকে টাঙ্গাইলের তিন উপজেলায় কঠোর লকডাউনের পরিকল্পনা

গত এক সপ্তাহ ধরে টাঙ্গাইলে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ জন্য টাঙ্গাইলকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা
হিসেবে ঘোষণা করা হয়েছে। এই শনাক্তের হার বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী শনিবার থেকে জেলার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ
তিন উপজেলায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলাগুলো হলো- টাঙ্গাইল সদর, কালিহাতী এবং মির্জাপুর। সোমবার (১৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক ড. আতাউল গণির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিঞা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক খন্দকার সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ ।

জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, করোনা বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকলে জেলার তিনটি উপজেলা আগামী শনিবার থেকে কঠোর লকডাউন দেয়া হবে। এ নিয়ে আগামী শনিবার আবারো সভায় সিদ্ধান্ত হবে। আগামীকাল মঙ্গলবার থেকে এ তিন উপজেলায় বিশেষ অভিযান শুরু হবে।

এছাড়া মোবাইল কোর্ট মাইকিংসহ অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টাঙ্গাইল জেলাকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর