জমি দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে খুন, গ্রেফতার ৪
মাদারীপুরের রাজৈরে জমির দখল নেওয়ার জন্যই টাকার বিনিময়ে ভ্যান চালক মোতাহার দর্জিকে (৫০) হত্যা করানো হয়েছে। চলতি বছরের গত ২৩ মে নামাজ শেষে বিশ্রাম নিয়ে ফেরার পথে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
ওই ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেফতারকৃতরা হলো- রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের বাসিন্দা ইলিয়াস মোল্লা, আনোয়ার মোল্লা, মহিদুল মোল্লা ও এমারত ফরাজী।
তিনি আরো জানান, গত মাসের ২৩ তারিখে রাজৈর থানাধীন মজুমদারকান্দি গ্রামের খালপাড় এলাকার লিয়াকত খা এর পাট ক্ষেত থেকে মৃত কালু দর্জির ছেলে মোতাহারের লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির শেখ তথ্য প্রযুক্তির ব্যবহার, তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইলিয়াস মোল্লাকে গ্রেফতার করে।
পরে তাকে আদালতে সোপর্দ করলে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এবং তার দেওয়া তথ্যের
ভিত্তিতে আরো ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, মোতাহার দর্জির সঙ্গে জায়গা জমি নিয়ে অনেক দিন ধরেই মামলা মোকাদ্দমা চলছিলো এমারত ফরাজীর। কিন্তু জমি ছিলো মোতাহারের দখলে। এরই কারনে এমারত সহ আরো তিনজন মোতাহারকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ বাড়ির কাছাকাছি স্থানে ফেলে রেখে যায়। হত্যার ঘটনায় ও পরিকল্পনায় ৭ জন জড়িত ছিলো। বিশেষ করে জমির দখল নেওয়ার জন্যই এই হত্যাকান্ড সংঘটিত হয়।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম