স্বাস্থ্যবিধি মেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) এর শিক্ষার্থীদের পরীক্ষাগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
এতে বশেফমুবিপ্রবি অ্যাকাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সভায় অংশগ্রহণ করেন। এছাড়া বহিঃসদস্যবৃন্দ ভার্চুয়ালি সভায় যোগদান করেন।
সভায় করোনাকালে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ করে ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষাগ্রহণের সিদ্ধান্ত হয়। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
মোকাররম হোসাইন/বার্তাবাজার/ই.এইচ.এম