বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে করা রিট প্রসঙ্গে যুক্তি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখবেন— বহুলোকের কিন্তু জন্মতারিখ আসল একটা আর সার্টিফিকেটে আরেকটা। বিশেষ করে, আমাদের জেনারেশনের সময়ে তখন সঠিকভাবে বাবা-মা জন্মতারিখ মনে রাখতেন না। ডায়েরি-টায়েরি মেইনটেইন করতেন না। ফলে দুই রকম হতে পারে।
বিএনপি মহাসচিব বলেন, এটা (খালেদা জিয়ার জন্মতারিখ) কোনো ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার (বিশেষ) একটা তারিখে কেউ জন্ম নিতে পারবে না, এটার একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। তখন হিসাব করে আপনাকে সন্তানের জন্মদানের কথা চিন্তা করতে হবে। এ ছাড়া তো উপায় নেই।
হাইকোর্টে খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে করা রিটের পর সংশ্লিষ্ট বিষয়ে নথি তলবের প্রেক্ষিতে তিনি বলেন, যে বিষয়টি (খালেদা জিয়ার জন্ম তারিখ) নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—সেটা তো ভুয়া। এভারকেয়ারের যে রিপোর্টের কথা বলা হয়েছে, এ ধরনের কোনো রিপোর্ট এভারকেয়ার করেনি। যে তারিখটা বসিয়েছে তারা—এটা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে করেছে।
বার্তা বাজার/এসজে