করোনাকালে হল ফি মওকুফের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন
করোনাকালে আবাসিক হলের ফি মওকুফ ও স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা করোনা মহামারীর প্রেক্ষাপটে তাদের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেন। এসময় তারা মানবিক দিক বিবেচনায় স্নাতকোত্তরের জন্য নির্ধারিত প্রায় দশ হাজার টাকার ভর্তি ফি (বিভাগভেদে ভিন্নতর) হ্রাসের দাবি জানান। পাশাপাশি ২০২০ সালের মার্চ মাস থেকে আবাসিক হল বন্ধ থাকলেও হল ফি অব্যাহত আছে জানিয়ে তা মওকুফেরও দাবি করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা এ সকল দাবি সংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদান করেন।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখবো। যতটা করা যায়, আমি সর্বোচ্চটা চেষ্টা করবো। একা তো করার উপায় নাই, পাবলিক ইউনিভার্সিটি, মিটিংয়ের মাধ্যমে করতে হবে। আমি এটা একাডেমিক কাউন্সিলে আলাপ করবো।
সাজ্জাদ বাসার/বার্তাবাজার/ই.এইচ.এম