দুই যুগ পর ছাত্রলীগের কমিটি, সেই কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

দুই যুগ পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আর এ নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিত ছাত্রলীগের উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।

সোমবার (১৪ জুন) বিকাল ৫টার দিকে বোয়ালমারী থানা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ হয়।

জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. রাজিব খান সজিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ছাত্রলীগ নেতা মো. সুজন মোল্যা, মো. শান্ত, মো. লোকমান মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ত্যাগীদের বঞ্চিত করে পকেট কমিটি করা হয়েছে। আমরা এ অবৈধ কমিটি মানি না। দীর্ঘ ২৩ বছর পর নেতাকর্মীরা আশা করেছিলেন সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কিন্তু হঠাৎ করে প্রেস রিলিজের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি অগঠনতান্ত্রিক ও অবৈধ। অবিলম্বে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান তারা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশ করে।

ঘোষিত কমিটিতে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্তুজা আলী তমাল ও প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া পৌর কমিটিতে সভাপতি পদে আমিনুল শেখ ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলামের নাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়।

সর্বশেষ ১৯৯৮ সালে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়। ২৩ বছর পর গত বৃহস্পতিবার (১০ জুন) উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর