মাদারীপুরে চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
মাদারীপুর বিসিক শিল্পনগরীতে চাঁদার দাবীতে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।
সোমবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিসিক শিল্পনগরীর মেসার্স জান্নাত ইন্ডাস্ট্রিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের ভেতর ঢুকে জিনিসপত্র ও একটি মোটরসাইকেল ভাংচুর করে।
প্রতিষ্ঠানটির মালিক কামাল হোসেন বলেন, বিসিক এলাকার রনি, রকি, আনোয়ার, রাব্বি ও ওদের দলবল মাঝে মাঝেই পিকনিক, খেলার সরঞ্জাম কেনাসহ নানা অযুহাতে টাকা নিয়েছে।
ওরা স্থানীয় হওয়ায় কোন ঝামেলায় জড়াতে চাইনি বলে টাকা দিয়েছি। কিন্তু দিন দিন ওদের দৌড়াত্ব বেড়েই চলেছে। একই দিন দুপুরে আবার চাঁদার জন্য আসলে না দেওয়ায় আমার এক শ্রমিককে মারধর ও অফিসে ভাংচুর চালায়। পরবর্তীতে
ওরা পুনরায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এসে আমার প্রতিষ্ঠানের গেইটে ঢোকার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে গেইট ও গেটের সামনে রাখা মোটরসাইকেল ভাংচুর সহ ইটপাটকেল নিক্ষেপ করে। যা আমার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ফুটেজ রয়েছে।
আমি এই চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে চাই এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা চালাতে চাই। এর জন্য প্রশাসনের কাছে সহায়তা কামনা করছি।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, আমি ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিলে, আমরা আইনের মাধ্যমে পদক্ষেপ নিবো।
আকাশ আহমেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম