উখিয়া রোহিঙ্গা শিবিরে ৩ লক্ষাধিক ইয়াবা, স্বর্ণ ও দেশী-বিদেশী মুদ্রাসহ আটক ৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, বাংলাদেশ নগদ টাকা, স্বর্ণালংকার ও মিয়ানমার মুদ্রাসহ ৩জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে ১৪-এপিবিএন।

সোমবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টা নাগাদ উপজেলার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্প ইস্ট ব্লক-বি/৬৩ এর বাসিন্দা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারার বসত-ঘরে অভিযান চালিয়ে এসব মালামালসহ তাদের আটক করা হয়।

ধৃতরা হলেন, রোহিঙ্গা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম, ১০নং ক্যাম্পের এইচ ব্লকের কেফায়েত উল্লাহর পুত্র ওবায়দুল্লাহ (২৯) এবং একই ক্যাম্পের ব্লক-এইচ/৪৪ এর মাহবুর রহমানের পুত্র মো: ইয়াহিয়া (১৩) বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারার বসত-ঘরে অভিযান চালায় এপিবিএন। এসময় ঘরের মেঝেতে সুকৌশলে নির্মিত সুড়ঙ্গে লুকানো ৩লাখ ২৩হাজার ৩ ৭৫পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, নগদ বাংলাদেশী ২লক্ষ ৫৮হাজার ৫২০টাকা, ১৮ ভরি স্বর্ণালংকার ও মিয়ানমারের মুদ্রা ১হাজার ২শ ৩৫ কিয়াতসহ তিন জনকে আটক করা হয়।

ধৃতদের জব্দকৃত মালামাল ও অর্থসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর