গাঁজাসহ আটক স্বামীকে দেখতে থানায় এসে ২০০ পিস ইয়াবাসহ স্ত্রী আটক
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় গাঁজাসহ আটক স্বামীকে দেখতে এসে ২০০ পিস ইয়াবাসহ পাখি আক্তার (৩২) নামে এক নারী আটক হয়েছেন। সোমবার (১৪ জুন) এই ঘটনা ঘটেছে।
আটককৃত পাখি আক্তার একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপু গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৩ জুন) বিল্লাল মিয়াকে ৫ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। সোমবার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণের সময় দেখা করতে থানায় আসেন তার স্ত্রী পাখি আক্তার।
তখন বিল্লালের জন্য নিয়ে আসা কাপড়ের ব্যাগ তল্লাশি করে সেখানে পাওয়া যায় ২০০ পিস ইয়াবা। এ ঘটনায় পাখি আক্তারকে আটক করে দু’জনকেই মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, পাঁচ কেজি গাঁজাসহ আটক বিল্লাল নামের এক আসামিকে দেখতে আসা তার স্ত্রীর গতিবিধি সন্দেহ হলে ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে সকল প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/এসজে