পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রতিবাদ জানালেন জয়া আহসান

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন অভিযোগ তুলেন পরীমনি।

এরপর রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরীমনি। সংবাদ সম্মেলনে তিনি ব্যবসায়ী নাছির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। একই সঙ্গে তিনি জানান, তিনি যদি মারা যান তবে দায়ী থাকবেন অভিযুক্ত ব্যক্তি।

এদিকে পরীমনির সঙ্গে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।

পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল, ‘পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে।

একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনও মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোথথেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?

এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপণার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে-তা সে যে-ই হোক-তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’

উল্লেখ্য, আজ সোমবার এ ঘটনায় নাছির উদ্দিন মাহমুদসহ ৬ জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর