নায়িকা পরিমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বিচার চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়ট পরিমনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানিয়েছেন।

রোববার (১৩ জুন) রাত ৭ টা ৫৪ মিনিটে নিজের ভেরিফাইড পেইজে প্রধানমন্ত্রীর কাছে এক খোলা চিঠিতে তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করেন। সেখানে তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বললে উল্লেখ করেন। পাশাপাশি তাকে ধর্ষণ ও হত্যা করার চেষ্টা করা হয়েছে বলেও জানান।

চিঠিতে পুলিশের আইজিপির সাহায্যও কামনা করেন পরিমণি। তবে তিনি অভিযুক্তের নাম উল্লেখ করেননি চিঠিতে।

নিম্নে পরিমণির চিঠিটা হুবহু উল্লেখ করা হলো-

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি পরীমণি।এই দেশের একজন বাধ্যগত নাগরিক।আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।

আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা।

আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার ,একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর