কালিগঞ্জের ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ রফিকুল বারী রফুর বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিএম আতিকুর রহমানের স্ত্রী শাহানারা পারভীন ও বুদ্ধদেব মন্ডলের স্ত্রী অর্চনা মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এছাড়া ওই অভিযোগের অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট প্রেরণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ রফিকুল বারী রফু ভুক্তভোগী শাহানারা পারভীন ও অর্চনা মন্ডলের ভিজিডি’র কার্ড দুইটি নিয়ে নেয়। এরপর তারা জোগসাজসে ভুক্তভোগীদের কার্ড থেকে চাল উত্তোলন করে নিজেরাই আত্মসাৎ করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীরা তাদের কার্ড ফেরত চাইলে চেয়ারম্যান ও মেম্বার বিভিন্ন ছল চাতুরি করে। কখনো বলে আপনাদের চাল এক সাথে দেব, আবার কখনও বলে আপনাদের কার্ড হারিয়ে গেছে। বর্তমানে ভুক্তভোগীরা গবীর অসহায় হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে বলে অভিযোগে বলেন তারা।

এসব ব্যাপারে চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম জানান, শাহানারা ও অর্চনা মন্ডল আর্থিকভাবে স্বচ্ছল। সে জন্য উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সুপারিশে তাদের কার্ড দু’টি বাতিল করে নতুন দুইজনকে দেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও মহোদয়ও অবগত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর