সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার আসামির জামিন আবেদন হাইকোর্টে খারিজ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আব্দুল মালেকের জামিন আবেদন উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ জুন) বিচারপতি মহিউদ্দিন শামীম ও জাহাঙ্গীর হোসেন সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জসিম উদ্দিন রাব্বানী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার মিথ্যা ও উস্কানিমূলক বকব্যের প্রতিবাদে বিক্ষোভ করে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের লোকজন। তখন কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হন বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। ঘটনার পরদিন (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডীক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মাআ যায়।
এ ঘটনায় নিহত মুজাক্কিরের বাবা নুরুল হুদা মাস্টার বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার ন্যস্ত হয় পিবিআই-এর উপর।
বার্তা বাজার/এসজে