খাটের তোশকের নিচে মিললো ইয়াবা, আটক ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলো- ওই গ্রামের শরিফুল শেখ (৩৮) ও মো. নাজমুল হাসান (২৫)। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং- ০৮। রোববার দুপুরে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার (১৩ জুন) সকাল ১১টায় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে শরিফুল শেখের বাড়ীতে মাদক বেচাকেনার খবর জানতে পেয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে শরিফুল শেখের বসত ঘরের খাটের তোশকের নিচ থেকে গোলাপি রঙের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত রেডমি নোট-৮ মোবাইলের বক্সের ভিতরে নীল রঙের দুইটি প্যাকেটে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য ৬৬,০০০), ২টি মোবাইল ও মাদক বিক্রয়ের ৫,৮৭০ টাকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। মাদক বিক্রয় তাদের পেশা। তারা কৃষ্ণপুর ও পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী, ভাটিয়াপাড়া, কালনাঘাট এলাকায় মাদক কেনাবেচা করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর