যুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানিদের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছেন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান কি করেছেন তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তিনি যুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছেন। এখন এগুলো বেরিয়ে আসছে।

রোববার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেন আর তার স্ত্রী-পুত্ররা পাকিস্তানিদের ক্যান্টনমেন্টে একেবারে নতুন বউয়ের আদরে থাকে, এটি কি কখনও সম্ভব? কখনও সম্ভব নয়। এখানেই প্রমাণিত হয়।

ড. হাছান মাহমুদ বলেন, পরে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করা শুরু করার পর মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা কী ছিল সেটি প্রমাণিত হয়। তিনি শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন তিনি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে আসলে পাকিস্তানিদের সহযোগিতা করেছিলেন।

মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত বিষয় নিয়ে মিথ্যাচার করলে বিচারের ব্যবস্থা রয়েছে। তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যে কোনো নাগরিক সংক্ষুব্ধ হয়ে এর বিরুদ্ধে আদালতে ব্যবস্থা নিতে পারেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর