নবীনগরে হেফাজতের সাধারণ সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে জেলা শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

ওসি জানান, হেফাজত ইসলামের হরতাল চালানো কালে শহরজুরে তাণ্ডবের ঘটনায় তিনি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। হেফজাতের তাণ্ডবের ঘটনায় ৫৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

উল্লখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেস ক্লাব, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় নিহত হয় ১২ জন।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর