দুই তিন দিনের মধ্যে দেশে বন্যার আশঙ্কা

মৌসুমি বায়ুর বিস্তারের ফলে টানা কয়েকদিন ধরেই দেশে চলছে বৃষ্টিপাত। পাশপাশি সাগরে তৈরি হওয়া লঘুচাপও নিম্নচাপে পরিণত হয়ে গভীর মেঘমালার সৃষ্টি করতে পারে। যার ফলে হতে পারে ভারী বর্ষণ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে আগামী তিন দিন ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে কক্সবাজার ও বান্দরবানের নদীগুলোর পানি দ্রুত বেড়ে তাৎক্ষণিক আকস্মিক বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে।

শনিবার (১২ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

তাদের বুলেটীবে বলা হয়, শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টেকনাফে ৭৭ মিলিমিটার। এছাড়া কুড়িগ্রামে ও ছাতকে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতের উজানে এই সময়ে সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে এবং আইযলে হয়েছে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত।

আরও বলা হয়, একই সময়ে পর্যবেক্ষণে থাকা দেশের নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে ৫৭টিতে পানি বেড়েছে। কমেছে ৪২টিতে। ১টি পয়েন্টের পরিস্থিতি অপরিবর্তিত ছিলো।

পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনার পানি কমেছে। এই অবস্থা পরবর্তী ২৪ ঘণ্টায় যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্রের পরিস্থিতি একই থাকবে। পানি কমবে মেঘনায়ও। তবে গঙ্গার পানি স্থিতিশীল থাকলেও আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এদিকে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেল অনুযায়ী সোমবার (১৪ জুন) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও বান্দরবান এবং তৎসংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে এসব অঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বেড়ে কিছু কিছু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর