ট্রাফিক সার্জেন্টকে মারধর করলেন কথিত ছাত্রলীগ কর্মী

চট্টগ্রাম নগরীর চৌহাট্টা মোড়ে নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে মারধর করেছেন সৌরভ চৌধুরী নামে এক যুবক। শনিবার (১২ জুন) দুপুরে ট্রাফিক সিগন্যাল অমান্য করতে বাঁধা দেওয়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে সৌরভ চৌধুরীকে।

আটককৃত সৌরভ চৌধুরী শহরতলীর টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। তিনি নগরীর টিলাগড় কেন্দ্রিক ছাত্রলীগের একটি গ্রুপের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, চৌরাস্তার মোড় চৌহাট্টা এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দু’দিকের রাস্তার যানবাহন বন্ধ করে অন্য দু’দিকের যানবাহন চলার সংকেত দেন। এ সময় সৌরভ সংকেত অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে সার্জেন্ট জসিম তাকে বাধা দেন।

একপর্যায়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে সৌরভ উত্তেজিত হয়ে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে তাকে মারধর শুরু করেন। এতে সার্জেন্ট জসিম আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ সৌরভকে আটক করে। আহত জসিম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানিয়েছেন, আমি ঘটনাটি সম্পর্কে অবগত। এই ঘটনায় সৌরভ নামের ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর