মহামারি থেকে মুক্তি পেতে ভারতে ‘করোনা মাতার’ মন্দির প্রতিষ্ঠা
মহামারি করোনায় নাজেহাল ভারত। এরই মধ্যে দেশটির উত্তর প্রদেশে মহামারি থেকে মুক্তিলাভের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ‘করোনা মাতা’র মন্দির। রাজ্যের প্রতাপগড় জেলার শুক্লাপুরে একটি নিমগাছের ছায়ায় মন্দিরটি প্রতিষ্ঠা করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এই দেবির আশীর্বাদে করোনা মহামারি দুর হবে।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে। এই মন্দির প্রতিষ্ঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একাধিক ভিডিও এবং ছবি।
ছবিতে দেখা যায়, সেখানে স্থাপিত হয়েছে ‘করোনা মাতা’র প্রতিমা। প্রতিমার মুখে সবুজ মাস্ক পরানো হয়েছে। গ্রামবাসীরা মন্দির তৈরির জন্য নিজেরাই অর্থ দিয়েছেন।
গ্রামের এক বাসিন্দা বলেন, আমরা সবাই এই বিশ্বাস নিয়ে মন্দির স্থাপন করেছি যে দেবদেবীর কাছে প্রার্থনা করলে অবশ্যই কভিডে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ওঠবেন।
ভারতের সংবাদ মাধ্যম আনন্দ বাজার জানায়, এই মন্দিরের কারণে ওই এলাকায় কভিডবিধি শিকেয় তুলে দেওয়া হয়েছে। কারণ লোকজন মন্দিরে প্রার্থনা করতে ও পুরোহিতের কাছ থেকে প্রসাদ নিতে ভিড় করে চলেছে। এর আগে তামিলনাড়ু ও কর্নাটকেও ‘করোনা মাতা’র মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সূত্র: আনন্দবাজার।
বার্তা বাজার/এসজে