নকল গয়না নিয়ে সংঘর্ষ, বিয়ে বাড়িতেই কনেকে তালাক

নীলফামারীর সৈয়দপুরে বিয়ে বাড়িতে আসল গয়নার বদলে নকল গয়না নিয়ে যাওয়ার ঘটনায় কনে ও বরপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিয়ের দিনই টানা একদিন বরপক্ষের লোকজনকে আটকে রেখে কনের তালাক আদায় করিয়ে ক্ষতিপূরণও নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ জুন) দিনগত রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, একই এলাকার আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সাথে দিনাজপুরের খানসামা উপজেলার চৌপথি এলাকার ব্যবসায়ী হবিবুর রহমানের ছেলে মফিজুলের বিয়ের কাবিন হয় আড়াই মাস আগে। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে কনে বিদায়ের তারিখ নির্ধারিত হয়। সেদিন কনেকে নিয়ে যেতে বরপক্ষের ৫০-৬০ জন লোক আসে মফিজুলের সাথে।

স্বাভাবিকভাবেই বরপক্ষের লোকজনের খাওয়া দাওয়া চলার সময় কনে সাজানোর কাজ চলছিল। কনে সাজাতে গিয়ে মেয়ের ভাবি লক্ষ্য করেন বরপক্ষের আনা হাতের বালা দু’টো স্বর্ণের নয়, সিটি গোল্ডের। এ নিয়ে বরপক্ষের সঙ্গে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সারা রাত বরপক্ষকে আটকে রাখেন কনেপক্ষের লোকজন। আজ শনিবার দুপুরে দুই পক্ষের ইউপি চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলেপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর