মডেল মসজিদে বিতর্কিত আলেম নিয়োগ না দেওয়ার আহ্বান হেফাজতের
দেশের মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে বিতর্কিত আলেম নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলীয় বিবেচনার উর্ধ্বে যোগ্যদের নিয়োগ দিতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১২ জুন) রাতে গণমাধ্যমে পাটানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম।
তিনি বলেন, ধর্মীয় বিবেচনায় অযোগ্য বা বিতর্কিত জনবল নিয়োগ দেওয়া হলে সরকারের মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে, তা প্রশংসনীয় উদ্যোগ।
সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এসব মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে যোগ্য আলেমে দ্বীনদের নিয়োগ দিয়ে সত্যিকার অর্থে ইসলামি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ, শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, এর জন্য দরকার যোগ্য লোকের তদারকি।
তিনি আরও বলেন, যেহেতু মসজিদগুলোতে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, তাই সেখানে যোগ্য আলেমদের নিয়োগ না দিলে এর সুফল আসবে না।
হেফাজত মহাসচিব বলেন, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে মসজিদগুলোতে যেন ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে যথাযথ এলেম, আমল, সঠিক আকিদা এবং দ্বীনদারির বিষয়গুলো বিবেচনা করতে হবে।
বার্তা বাজার/এসজে