রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামে এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বিকালে প্রতিবেশীরা ৯৯৯ নাম্বারে ফোন করে খবর দিলে বি-২ নম্বর কোয়ার্টারের বাসায় গিয়ে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয় ।
এই ঘটনার পর থেকে নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক আছেন। নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মামুন মিল্লাত এই কোয়ার্টারে সাবলেটে বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, নুসরাতের বাড়ি খাগড়াছড়ি। সেখানে ছাত্রলীগের রাজনীতি করতেন। মামুন মিল্লাতকে বিয়ে করার সময় ধর্মান্তরিত হন উপজাতি ধর্মালম্বী এই নেত্রী।
নুসরাতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, ২০১৯ সালে মামুন মিল্লাতকে বিয়ে করেন নুসরাত। ওই সময় মামুন নিজেকে ৩৮তম বিসিএসের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। কিন্তু বিয়ের পর নুসরাত জানতে পারেন, মামুন মিল্লাত পুলিশ কর্মকর্তা নন।এ নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়, যা প্রতিদিনই লেগে থাকত।
শনিবার ১১টার পর মামুন বাসার বাইরে চলে যান। এর ঘণ্টা-দেড়েক পর প্রতিবেশীরা নুসরাতকে ডাকাডাকি করে তার সাড়া পাননি। এ সময় সন্দেহ হলে এক প্রতিবেশী ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে আগারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে নুসরাতের গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় পলাতক মামুন মিল্লাতকে গ্রেফতারে অভিযান চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ।তিনি জানান, পলাতক মামুন মিল্লাত পুলিশের কেউ নন।
বার্তা বাজার/এসজে