ইউপি নির্বাচনে নাশকতা করতে গিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী আসলাম আটক

মাদারীপুরের শিবচরে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আসলাম বেপারী (৪৫) গ্রেফতার হয়েছে। শনিবার (১২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ফকিরকান্দি এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।

আটককৃত আসলাম মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আলীম বেপারীর ছেলে।

জানা গেছে, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী উকিল তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য ০৯ নং ওয়ার্ডের ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য যায়। এসময় আসলাম ও তার সাথে আরও ৮/১০ জন লোক নিয়ে বারী উকিলের লোকজনকে একটি চাকু দেখিয়ে তাদের গতিরোধ করে ভয়ভীতি দেখায়।

পরে এলাকার লোকজনের সহযোগিতায় তার কর্মীরা একটি ধারালো ছুরিসহ আসলামকে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। এসময় শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে শিবচর থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, আসলাম বেপারী মাদারীপুরের ধুরাইল ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী। ইউপি নির্বাচনকে পণ্ড করতে টাকার বিনিময়ে ভাড়া আসে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে।

চেয়ারম্যান প্রার্থী আবদুল বারী উকিল বলেন, আসলাম এর আগেও আমার এক ভাইসহ আমার ভোটারদের ভয় ভীতি দেখাত। সে বহিরাগত লোক। সে কিভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় আসে।

এ ব্যাপারে মুঠোফোনে চেয়ারম্যান প্রার্থী ওলি উল্লাহ খালাসীর সথে যোগাযোগ করলে তিনি বলেন, আটক ব্যক্তিকে আমি চিনি না।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, বিকেলে আসলাম ওই এলাকায় কয়েকজনকে নিয়ে চেয়ারম্যান প্রার্থীর লোকজনকে ভয় ভীতি প্রদর্শন করতেছিলো। এসময় এলাকাবাসী তাকে আটক করে। পরে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, বহেরাতলা দক্ষিন ইউনিয়নের একটি এলাকায় তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ, আগামী ২১ জুন প্রথম ধাপে স্থগিত শিবচর উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আকাশ আহমেদ সোহেল/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর