‘সংসদে আছি শুধু হ্যাঁ বা না বলার জন্য’

সরকারি দলের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমরা সংসদে আছি শুধু হ্যাঁ বা না বলার জন্য। অনেকেই বলেন, বাজেট হতে হবে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই। এখানে যেন কোনো অপচয় না হয়। কিন্তু আমরা যে আলোচনা বা বিতর্ক করব, সেই বেসিসটা (ভিত্তি) তো ঠিক থাকতে হবে।

শনিবার (১২ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এমপি সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা সংসদে আছি মানুষের চাহিদার কথা ব্যাখ্যা করা ও তুলে ধরার জন্য। কিন্তু আমরা যদি সেই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত না থাকি, তাহলে সেই বিষয়গুলো কেন আসবে?

বর্তমার অর্থমন্ত্রীর সমালোচনা করে ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে স্মরণ করে তিনি বলেন,বাজেট প্রণয়নের আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁদের অনুরোধে অন্তত সংসদীয় স্থায়ী কমিটির প্রধানদের সঙ্গে আলোচনা করতেন। তিনি (মুহিত) নোট নিতেন। মনে হয় না বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে কোনো কমিটির আলোচনা হয়েছে।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই এমপি বলেন, বাজেট প্রণয়নের পুরো প্রক্রিয়ায় বড় ধরনের ঘাটতি রয়েছে। আমরা যদি মনে করি যে সরকার যেটা দেবে, সেটাকেই পাস করে দিতে হবে, তাহলে তো বাজেট অধিবেশনের কোনো দরকার নেই। বাজেটের গুণগত মান পরিবর্তনে সাংসদেরা তেমন একটা কিছু করতে পারছেন না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর