ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে কামড়িয়ে জখম

টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে (৪১) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত ১টায় সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, একই এলাকার দিনা চন্দ্র, মন্টু কুমার ও সবদুল নামের তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার রাতে ওই নারীর বাড়িতে যান। পরে তারা ওই নারীকে ডেকে ঘরের বাইরে আনেন। এরপর জোর করে বাড়ির পাশের বনে নিয়ে তারা ধর্ষণের চেষ্টা চালান। ওই বখাটেরা ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীর মুখমন্ডলসহ শরীরের নানা স্থানে কামড় দিয়ে জখম করে ফেলে রেখে যান।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, ওই নারীর মুখমন্ডলে কামড়ের দাগ রয়েছে। ধর্ষণের ঘটনা শোনার পর তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।

সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভূইয়া জানান, বিষয়টি শুনে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই নারী আগামীকাল থানায় মামলা করবেন বলে তথ্য পেয়েছি। মামলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর