কালিগঞ্জে এগ্রিকালচার ফার্মের পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন
সাতক্ষীরার কালিগঞ্জে এগ্রিকালচার ফার্মের পুকুরে বিষপ্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
এঘটনায় ভুক্তভোগী এগ্রিকালচার ফার্মের মালিক উপজেলার বন্দকাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে রায়হান সিদ্দিকী (২৮) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, রায়হান ১ একর আয়তনের একটি পুকুরে ৩/৪ বছর যাবত মাছ চাষ করে আসছিলো। শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।
শনিবার সকালে খবর পেয়ে ফার্মের মালিক পুকুরের পাশে গিয়ে দেখেন পুকুরের পানিতে মরা মাছ ভাসছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাওন আহমেদ সোহাগ/ বার্তা বাজার/এসজে