ট্রেনের পুরো বগিতে একমাত্র যাত্রী করোনায় আক্রান্ত পরিচালক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের এক ট্রেন পরিচালকে শনিবার (১২ জুন) দুপুরে ঢাকায় নেওয়া হয়েছে। খুলনা-ঢাকা রুটে চলাচলকারী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনে আলাদা একটি বগি যুক্ত করে তাঁকে রাজধানীতে পাঠানো হয়।

কর্তৃপক্ষ বলছে, এটা কোয়ারেন্টিন কোচ। ওই ট্রেন পরিচালকের নাম শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন শরিফুল ইসলাম। কোনোভাবেই জ্বর কমছে না। তিন দিন ধরে কাশি শুরু হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্টও। তাই বৃহস্পতিবার বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে।

জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘শরিফুল ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন, তাঁকে ঢাকায় নিতে হবে। সে জন্য চিত্রা এক্সপ্রেসে তাঁর জন্য আলাদা একটি বগি যুক্ত করে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।’

তিনি বলেন, এটা কোয়ারেন্টিন কোচ। করোনা রোগীদের জন্য এই কোচের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছার পর তিনি হাসপাতালে ভর্তি হবেন।

মাসুদ রানা/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর